টাকার অভাবে বন্ধ শিশুর চিকিৎসা, সহায়তার আকুতি পরিবারের

- সর্বশেষ আপডেট ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 396
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিরল রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে আট বছর বয়সী শিশু সিরাতুল জান্নাত। দরিদ্র পরিবারের এই শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা জোগাড় করা তার রিকশাচালক বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ফলে অর্থের অভাবে থমকে গেছে তার চিকিৎসা।
সিরাতুল জান্নাত উপজেলার মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী পীরপাড়া গ্রামের বাসিন্দা শাহ আলম ও সুলতানা রাজিয়া দম্পতির মেয়ে। সে স্থানীয় সিঙ্গেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনায় মেধাবী সিরাত একসময় নিয়মিত স্কুলে যেত। কিন্তু প্রায় এক বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর থেকে তার স্বাভাবিক জীবন থেমে যায়।
পরিবার সূত্রে জানা যায়, প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে বিভিন্ন পরীক্ষার পর তার লিভার সিরোসিস ধরা পড়ে। আর্থিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, সিরাত বিরল রোগ ‘ক্যারোলী সিনড্রোম’-এ আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসকদের মতে, এই চিকিৎসার জন্য প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা দরিদ্র পরিবারটির পক্ষে প্রায় অসম্ভব।
রিকশাচালক বাবা শাহ আলম বলেন, “মেয়েকে বাঁচানোর জন্য যা ছিল সব বিক্রি করে দিয়েছি। বাবার দেওয়া দুই শতক জমির ওপর থাকা টিনের ঘরটাও বিক্রি করেছি। এখন থাকার জায়গা নেই, ঠিকমতো খাবারও জোটে না। সমাজের মানুষ একটু সাহায্য করলে হয়তো আমার মেয়েটা বাঁচতে পারে।”
মা সুলতানা রাজিয়া জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসা বন্ধ থাকায় মেয়ের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তিনি বলেন, “আমার মেয়েটা খুব মেধাবী ছিল। এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। প্রায় এক মাস ধরে কোনো চিকিৎসা নেই। বিদ্যুতের বিল দিতে না পারায় সংযোগও কেটে দিয়েছে। অন্ধকার ঘরে মেয়েকে নিয়ে দিন কাটাচ্ছি।”
সিঙ্গেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালমা বেগম বলেন, সিরাত পড়াশোনায় খুব ভালো ছিল। অসুস্থ হওয়ার পর থেকে সে স্কুলে আসতে পারছে না। শিক্ষকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু সহায়তা করেছেন। তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন জানান, সরকারিভাবে কিছু সহায়তা দেওয়া হয়েছে এবং ব্যক্তিগতভাবেও সহযোগিতার চেষ্টা চলছে। তিনি বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে শিশুটির চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
বর্তমানে চিকিৎসা ছাড়াই শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে ছোট্ট সিরাতুল জান্নাতের। অসহায় বাবা-মায়ের আশা- সহৃদয় মানুষদের সহায়তা পেলে হয়তো আবারও স্কুলে ফিরে যেতে পারবে তাদের মেয়েটি।
সহযোগিতার জন্য যোগাযোগ:
মোবাইল/বিকাশ/নগদ/রকেট: ০১৭৫৭৮৬৭৮৫৮






























