নারী প্রতারকের বিচার দাবিতে সংবাদ সম্মেলন
যশোরে ভুয়া এলসি দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ

- সর্বশেষ আপডেট ০১:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 2502
ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খুলে দেওয়ার নাম করে ১০ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ফারজানা ইয়াসমিন নিলা নামে এক নারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন যশোরের কয়েকজন ব্যবসায়ী। বর্তমানে অভিযুক্ত নিলা যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন বলে জানানো হয়েছে।
শনিবার সকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী প্রতিষ্ঠান মেসার্স এ টু জেড ট্রেডিং-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আনিসুর রহমান খান।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে ব্যবসায়িক অচলাবস্থার সুযোগ নিয়ে নিলা ‘ব্রড কান্ট্রি’ এলসি ওপেন করে দেওয়ার প্রস্তাব দেন। পরে যশোরের ৯ জন ব্যবসায়ী একত্রিত হয়ে এলসি খোলার সিদ্ধান্ত নেন। ৩০ শতাংশ মার্জিনের শর্তে আনিসুর রহমান ৯ ব্যবসায়ীর পক্ষে নিলার অ্যাকাউন্টে ১০ কোটি ৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা প্রদান করেন। তবে অর্থ নেওয়ার পর নিলা দীর্ঘ সময় ধরে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
আনিসুর রহমানের দাবি, ইন্দোনেশিয়ায় জাহাজ প্রস্তুত হওয়ার পর এলসির জন্য চাপ দিলে নিলা একটি ভুয়া এলসি কপি সরবরাহ করেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে ৫০ লাখ টাকার একটি জাল বিএফটিএন (BFTN) কপি ও একটি ভুয়া এফডিআর (FDR) কপি দিয়ে প্রতারণা অব্যাহত রাখেন বলে অভিযোগ করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, নিলা নিজেকে সাবেক প্রভাবশালী রাজনৈতিক নেতা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাহাউদ্দিন নাছিম এবং সালমান এফ রহমান-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচয় দিতেন। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর নাম ব্যবহার করেও প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ তোলা হয়। তার বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসা, মানব পাচার ও নথি জালিয়াতির একাধিক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে বলে দাবি করা হয়।
অর্থ ফেরত না পেয়ে আনিসুর রহমান প্রথমে গুলশান থানায় মামলা দায়ের করলে নিলা গ্রেপ্তার হন। তবে পরবর্তীতে আদালত থেকে জামিন পান বলে জানানো হয়। জামিনের শর্ত অনুযায়ী অর্থ পরিশোধ না করে তিনি হাইকোর্ট থেকে স্থগিতাদেশ (স্টে অর্ডার) নেন বলে অভিযোগ। পরে যশোরের পুলিশ সুপারের সহযোগিতায় নতুন মামলা দায়ের হলে পুলিশ তাকে ঢাকা থেকে পুনরায় গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীরা জানান, এলসির অর্থ জোগাতে তারা ব্যাংক ঋণ নিয়েছিলেন। বর্তমানে ঋণের চাপে অনেকেই দেউলিয়া হওয়ার পথে। তারা প্রশাসনের কাছে অভিযুক্তের জামিন বাতিল ও কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি দ্রুত পাওনা অর্থ উদ্ধার করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নুর আলম বাবু, মাহমুদ হাসান লিপু, মোহাম্মদ কামরুজ্জামান, জিয়া বিশ্বাস ও মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত ফারজানা ইয়াসমিন নিলার মেয়ে নন্দিতা মেহজাবিন বলেন, সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।































