‘হ্যাঁ’ ভোটের জয়ে শাসনব্যবস্থায় বড় পরিবর্তন
ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে

- সর্বশেষ আপডেট ০৪:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 259
জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় দেশের শাসনব্যবস্থা ও সংবিধান কাঠামোয় ব্যাপক পরিবর্তনের পথ খুলেছে। নতুন ব্যবস্থায় জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট এবং ডেপুটি স্পিকারসহ সংসদীয় কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে নির্বাচিত করার বিধান যুক্ত হচ্ছে।
নির্বাচন-পরবর্তী ঘোষিত ফলাফলে দেখা যায়, গণভোটে মোট ভোটারের ৬০ দশমিক ২৬ শতাংশ অংশ নেয়। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং ‘না’ ভোট দেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। সংশ্লিষ্টদের মতে, দেশের ইতিহাসে চতুর্থ গণভোট হিসেবে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ‘হ্যাঁ’ জয়ী না হলে পুরো জুলাই সনদের আইনি ভিত্তি অনিশ্চয়তায় পড়ত এবং অন্তর্বর্তী সরকার ও জুলাই গণ-অভ্যুত্থান বড় ঝুঁকির মুখে পড়ত।
জুলাই সনদ অনুযায়ী জাতীয় সংসদ দুই কক্ষে বিভক্ত হবে। নিম্নকক্ষের পাশাপাশি দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠন করা হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন বাধ্যতামূলক থাকবে। একই সঙ্গে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়িয়ে সংরক্ষিত আসন ধাপে ধাপে ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
নতুন কাঠামোয় নির্বাচিত সংসদ প্রথম ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এরপর নিয়মিত আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। সংশোধিত বিধানে অর্থবিল ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছাড়া অন্য সব বিলে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিতে পারবেন।
সংবিধানের মূলনীতিতেও পরিবর্তন আনা হচ্ছে। বিদ্যমান বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির ওপর গুরুত্ব দেওয়া হবে। সব সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা নিশ্চিত করার বিষয় যুক্ত হচ্ছে। পাশাপাশি মৌলিক অধিকারের তালিকায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার সংযোজনের প্রস্তাব রাখা হয়েছে।
রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনতে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। জরুরি অবস্থা ঘোষণায় শুধু প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন বাধ্যতামূলক হবে এবং সেই বৈঠকে বিরোধীদলীয় নেতা ও উপনেতার উপস্থিতি নিশ্চিত করতে হবে। জরুরি অবস্থার সময়ও সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার স্থগিত করা যাবে না।
রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। প্রকাশ্য ভোটের পরিবর্তে সংসদের দুই কক্ষের সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে। রাষ্ট্রপতিকে অভিশংসনের জন্য উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। অপরাধীর ক্ষমা প্রদানের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে।
আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত হচ্ছে। রাষ্ট্রীয় নিরাপত্তাসংক্রান্ত কোনো চুক্তি করতে হলে সংসদের দুই কক্ষের অনুমোদন নিতে হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব বাতিল করে বিশেষজ্ঞ কমিটিকে যুক্ত করা হচ্ছে।
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে একাধিক কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়েছে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল, সরকারি কর্ম কমিশন এবং মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগে পৃথক কমিটি কাজ করবে। নির্বাচন কমিশন নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি থাকবেন।
বিচার বিভাগ সম্পর্কেও গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগ আপিল বিভাগ থেকে করতে হবে এবং বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের ভূমিকা থাকবে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা, প্রতিটি বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপন এবং নিম্ন আদালতের বিচারকদের প্রশাসনিক নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।
জাতীয় পরিচয়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে। নাগরিক পরিচয় ‘বাঙালি’ থেকে ‘বাংলাদেশি’ করা হবে। রাষ্ট্রভাষা বাংলা থাকলেও অন্যান্য মাতৃভাষার স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রয়েছে। সংবিধানের প্রস্তাবনা ও কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিস্তারিত পদ্ধতিও জুলাই সনদে নির্ধারণ করা হয়েছে। সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন হবে, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি থাকবেন। নির্ধারিত সময়ের মধ্যে ঐকমত্য না হলে বিকল্প পদ্ধতিতে প্রস্তাবিত নাম থেকে প্রধান উপদেষ্টা চূড়ান্ত করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে ৯০ দিন, বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ আরও ৩০ দিন বাড়ানো যাবে।
তবে জুলাই সনদের কয়েকটি ধারা নিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। বিশেষ করে একজন ব্যক্তি একসঙ্গে সরকার প্রধান ও দলের প্রধান হতে পারবেন না এমন বিধানসহ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগসংক্রান্ত প্রস্তাবে দলটির আপত্তি রয়েছে। এসব বিষয়ে গণভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তের সুযোগ রাখা হয়েছে।
জুলাই সনদের মোট ৮৪টি ধারার মধ্যে ৩৬টি বাস্তবায়ন আদেশসংক্রান্ত এবং ৪৮টি সংবিধান সংশোধনসংক্রান্ত। সংশোধনী ধারাগুলো চারটি প্রশ্নে ভাগ করে গণভোটে উপস্থাপন করা হয়, যার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, উচ্চকক্ষ গঠন এবং বিতর্কিত ধারাগুলো অন্তর্ভুক্ত ছিল।
সংশ্লিষ্টদের মতে, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়ের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা হলো।































