চীন-বাংলাদেশ সম্পর্কে তৃতীয় শক্তির প্রভাব নেই : চীনা দূতাবাস

- সর্বশেষ আপডেট ০৯:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 177
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে ঢাকার চীনা দূতাবাস জানায়, এ ধরনের বক্তব্য অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি ‘পুরোনো সুরের’ পুনরাবৃত্তি।
সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন, দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তিনি বলেন, চীনের সঙ্গে নির্দিষ্ট ধরনের সম্পৃক্ততার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সরকারকে অবহিত করতে ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে কাজ করবে।
এর জবাবে চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, এ বিষয়ে দূতাবাস তাদের ‘গুরুতর অবস্থান’ ইতোমধ্যে স্পষ্ট করেছে। তার অভিযোগ, মার্কিন রাষ্ট্রদূত আবারও চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ‘আঙুল তুলেছেন’ এবং বিষয়টি ‘সাদা-কালো মিশিয়ে’ উপস্থাপন করেছেন।
দূতাবাস জানায়, চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান ও সমর্থনের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিচ্ছে। দুই দেশের সহযোগিতা বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও পারস্পরিক লাভজনক অংশীদারত্বের উদাহরণ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিশ্বস্ত অংশীদার হিসেবে চীন আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, চীন-বাংলাদেশ সম্পর্ক কিংবা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। এ সম্পর্ক বাইরের কোনো শক্তির প্রভাবে প্রভাবিত হবে না। একই সঙ্গে এসব সম্পর্কে হস্তক্ষেপ বা বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও হুঁশিয়ারি দেয় চীনা দূতাবাস।






























