স্বাধীনভাবে ভোট প্রদানের আহ্বান

- সর্বশেষ আপডেট ০৮:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 176
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের সব ভোটারকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় এবং দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক ধারার রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১১ জানুয়ারি) ‘গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
ইউনূস বলেন, দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত জাতি জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও আত্মমর্যাদার ঘোষণা দিয়েছে, এবং এই নির্বাচন সেই আকাঙ্ক্ষার প্রাতিষ্ঠানিক বহিঃপ্রকাশ।
গণভোটের মাধ্যমে জনগণ ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থা সম্পর্কে তাদের মত প্রকাশ করবেন, আর জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য, দায়বদ্ধ ও জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এভাবে জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অংশীদার হবেন।
তিনি আরও বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণ এবার প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত অনেক পূর্ণবয়স্ক নাগরিকও অংশ নেবেন। তাই নির্বাচন যেন প্রতিটি ভোটারের কাছে আনন্দময়, শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক অভিজ্ঞতায় পরিণত হয়, তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
প্রধান উপদেষ্টা দেশের প্রশাসন, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে এবং রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, ভোটারদের সক্রিয় অংশগ্রহণ একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নেবে।































