নৌবাহিনীর জন্য
যুক্তরাজ্য থেকে পুরোনো জাহাজ ক্রয়ের চুক্তি

- সর্বশেষ আপডেট ০৫:২০:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 186
বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক ও মহাসাগরীয় জরিপ সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্য থেকে ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ নামের পুরোনো জরিপ জাহাজ ক্রয় করছে। রবিবার নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সরকার-টু-সরকার চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মো. শফিকুর রহমান, এবং যুক্তরাজ্যের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাণিজ্যিক কর্মকর্তা মিস ন্যানিসে কালোবুলাওয়াসাইকাবারা।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, যুক্তরাজ্যের হাই-কমিশনার ও সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাই-কমিশনার কুক বলেন, “এই জরিপ জাহাজের হস্তান্তর দুই দেশের মধ্যকার গহীন আস্থা এবং দৃঢ় সহযোগিতার প্রতিফলন। এইচএমএস এন্টারপ্রাইজ রাজকীয় নৌবাহিনীতে অত্যন্ত মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছে এবং এখন এটি বাংলাদেশ নৌবাহিনীর সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে এবং বঙ্গোপসাগরে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার যৌথ প্রতিশ্রুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

যুক্তরাজ্য হাই-কমিশনের তথ্য অনুযায়ী, জাহাজটি বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের হাইড্রোগ্রাফিক ও মহাসাগরীয় জরিপ সক্ষমতা সম্প্রসারিত করবে। পাশাপাশি এটি বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রমে অবদান রাখবে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির জন্য শিক্ষামূলক সুযোগও প্রদান করবে।
জাহাজটিতে উন্নত হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক যন্ত্রপাতি, হেলিকপ্টার ল্যান্ডিং ডেক এবং আধুনিক যোগাযোগ সুবিধা রয়েছে। এটি গভীর সমুদ্র জরিপ, সীবেড মানচিত্র, মহাসাগরীয় তথ্য সংগ্রহ ও নেভিগেশনাল চার্ট তৈরিতে ব্যবহারযোগ্য।
নৌবাহিনীতে যুক্ত হলে জাহাজটি সমুদ্রে নজরদারি, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও জলদস্যুতা প্রতিরোধ এবং মৎস্য ও তেল-গ্যাস ব্লকের তত্ত্বাবধানে সহায়ক হবে।
উল্লেখ্য, জাহাজটি ২০০২ সালে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছিল এবং ২০২৩ সালে অবসান করা হয়। ২০২৬ সালের মধ্যে পুনঃপ্রস্তুতি শেষে এটি ২০২৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে।


































