গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার প্রতিশ্রুতি বিএনপি’র

- সর্বশেষ আপডেট ০৮:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 94
বিএনপি তাদের ৩১ দফার প্রতিশ্রুতিতে দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার চকরিয়ার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে চকরিয়া-পেকুয়ার সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্য প্রেস ইউথ সালাহউদ্দিন’ অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপি ৩১ দফাতেই প্রতিশ্রুতি দিয়েছে যে দেশের গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন গঠন করে সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকারও আমাদের আছে।”
তিনি জানান, ইতোমধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং কমিশনের প্রস্তাবনা বিএনপি পর্যালোচনা করবে। সালাহউদ্দিন আহমদ বলেন, “যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সেই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে। বর্তমানে তথ্যের দ্রুত আদান-প্রদানের যুগ, তাই সবার দায়িত্ব অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করা যাতে দেশের সম্মান বিশ্বব্যাপী রক্ষা পায়।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। ১৯৯১ সাল থেকে বেগম জিয়ার হাত ধরে দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়। তখন থেকে ইলেকট্রনিক মিডিয়ার ধারাকে অবারিত করা হয়েছিল। তবে বিগত ১৬–১৭ বছরে গণমাধ্যম দলীয়করণ হওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতা হোঁচট খেয়েছে।”
সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করা। আমি সবসময় বলি, সাংবাদিক বন্ধুগণ মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করুন।”
অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ চকরিয়া-পেকুয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।































