এইচএসসি
‘১৩ জুলাই অনুপস্থিতরাই পরীক্ষা দিতে পারবে’
- সর্বশেষ আপডেট ০৫:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 8
গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে। তবে ওই দিন যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, শুধু তারাই নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, ১৩ জুলাই পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে যারা অনুপস্থিত ছিলেন, তারা নিবন্ধনের মাধ্যমে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেসব শিক্ষার্থী ওই দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন কিন্তু ফল ভালো হয়নি, তারাও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সেটি সম্ভব নয়। তিনি বলেন, প্রশ্নে ভুলের কারণে যেসব বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, সেগুলোর ক্ষেত্রে সবাইকে নম্বর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে ১৩ জুলাই দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পরীক্ষা নেওয়া হয়নি। সেদিন ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
পরে ১৪ জুলাই দেশজুড়ে আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। তাদের দাবির মুখে ১৩ জুলাই অনুষ্ঠিত তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এবার শুধু অনুপস্থিত শিক্ষার্থীদের জন্যই সেই সুযোগ রাখা হয়েছে।

































