১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 8
মাদরাসা শিক্ষাকে কর্মমুখী করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আরও ১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স।
দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়ে তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পাঠ্যক্রমে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক শিক্ষা যুক্ত করা হচ্ছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে মাদরাসা শিক্ষার্থীর সংখ্যা দুই কোটির বেশি। তবে অনেক ক্ষেত্রে স্নাতকদের ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে চাকরির সুযোগ সীমিত থাকে। এ বাস্তবতায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু রয়েছে। এর সঙ্গে নতুন করে আরও এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স যুক্ত হলে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়বে বলে আশা করছে সরকার।
এ লক্ষ্যে ইতোমধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ একটি কমিটি গঠন করে পাঠ্যক্রম আধুনিকায়নের কাজ শুরু করেছে। সরকারের লক্ষ্য, ধাপে ধাপে সব মাদরাসায় কারিগরি শিক্ষা নিশ্চিত করা।































