হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- সর্বশেষ আপডেট ০২:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 10
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে মহাসড়কের চিটাগাংরোড থেকে সোনারগাঁ পর্যন্ত উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সড়কে টায়ার, বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ চলায় মহাসড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন বুলবুল আহমেদ (৩৫)। তিনি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং বন্দর থানা পশ্চিম শাখা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহর দাবি, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পরে তিনি মামলা করেন। ওই মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের কথিত নেতা শেখ সিফাতসহ কয়েকজনকে আসামি করা হয়।
মাছুম বিল্লাহ অভিযোগ করেন, মামলাটি নিয়ে বুলবুলের সঙ্গে শেখ সিফাত ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এর জের ধরেই সালেহনগর এলাকায় তার ওপর হামলা চালানো হয়।
বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, অভিযুক্ত শেখ সিফাত ও তার সহযোগীদের গ্রেপ্তার না করা পর্যন্ত মহাসড়ক থেকে তারা সরে যাবেন না।
































