সেফটিক ট্যাংকে মিলল ১১ মাসের শিশুর মরদেহ

- সর্বশেষ আপডেট ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 152
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ১১ মাস বয়সী এক শিশুর মরদেহ একটি সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম আমির হামজা। তিনি সাব্বির মিয়া ও সাবিকুন নাহার দম্পতির একমাত্র সন্তান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আশপাশে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে গ্রামের একটি সেফটিক ট্যাংকের ভেতরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
শিশুটির মা সাবিকুন নাহার বলেন, সকালে তিনি ছেলেকে তার বাবার পাশে বিছানায় ঘুমিয়ে রেখে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন শিশুটি নেই। তিনি জানান, তার ছেলে হাঁটতে পারত না। তাই কীভাবে সে সেফটিক ট্যাংকে গেল, তা তার বোধগম্য নয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



































