সরকার একটি স্বাধীন বিচার বিভাগ চায়: আইনমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৭:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 26
খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে বিচার বিভাগের স্বাধীনতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার একটি স্বাধীন বিচার বিভাগ চায়। বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।
শুক্রবার খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অনেক মানুষকে আহত হতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে এবং কারাবরণ করতে হয়েছে। এখন আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে চাই।
আইনমন্ত্রী আরও বলেন, বার ও বিচার বিভাগের উন্নয়ন এবং আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় শিগগিরই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুসংহত করতে বিচার বিভাগকে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।































