সব নাগরিককে ডিজিটাল সেবায় আনতে হবে: অর্থমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 12
দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সরকারি সেবার আওতায় আনার নির্দেশনা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারি সব সেবা শতভাগ ডিজিটালাইজেশনের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও পেশাজীবীসহ সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারি সব সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় এনে ঘরে বসেই সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত হলে জনগণের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। এজন্য সরকারি দপ্তরে সরাসরি এসে সেবা নেওয়ার প্রয়োজন কমিয়ে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করতে হবে।
তিনি বলেন, শুধু অর্থনীতিতে নয়, সেবা প্রদানের ক্ষেত্রেও অন্তর্ভুক্তি (ইনক্লুসিভনেস) নিশ্চিত করতে হবে। অনেক সরকারি সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব হলেও এ বিষয়ে জনগণকে আরও সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, সেই সেবা সম্পর্কে মানুষকে জানানো এবং দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন এ পর্যন্ত ৩২৯টি সরকারি সেবা সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। একই অনুষ্ঠানে উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
































