যে ৮ জেলার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- সর্বশেষ আপডেট ০৯:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 90
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনসংক্রান্ত সমস্যার সমাধানে নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বোর্ডে যোগাযোগ করতে বলা হয়েছে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার কিছু শিক্ষার্থীর রেজিস্ট্রেশন জটিলতা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানের জন্য বোর্ড কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে।
বোর্ড সূত্র জানায়, গত ৬ জুন শিক্ষা বোর্ডের আওতাধীন সব কলেজ প্রধানকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। সেখানে বলা হয়, যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বোর্ডে যোগাযোগ করতে হবে। এর মধ্যে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও কলেজ ভর্তির সংশ্লিষ্ট নথিও অন্তর্ভুক্ত।
রোববার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সমস্যার সমাধান বিলম্বিত হতে পারে।
বোর্ডের পাঠানো নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কলেজ পরিদর্শকের দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে।





























