মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান ফখরুলের
- সর্বশেষ আপডেট ০৩:২৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 22
শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলে এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মাদক প্রতিরোধে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ফল দেবে বলে তিনি আশাবাদী। মাদকের ক্ষতিকর প্রভাব সমাজের সামনে তুলে ধরতে গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে এ বিষয়ে আরও বেশি প্রচারের আহ্বান জানান তিনি।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফায়সাল আমিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































