বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- সর্বশেষ আপডেট ০২:০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 99
বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের উড়াল সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ছিলিমপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আনন্দ সরকারের ছেলে তাপস সরকার (৩৫) ও তাঁর ছেলে তীব্র সরকার (১৮)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহত নূর ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দিনাজপুরের বিরামপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়ে যায়। চালক ও সহকারী ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে সেটি মেরামতের কাজ শুরু করেন। এ সময় চাকা পরিবর্তনে সহযোগিতা করতে সেখানে যান তাপস সরকার ও তাঁর ছেলে তীব্র সরকার।
সকালে রংপুরগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহত তাপস সরকারের শ্যালক নয়ন রায় বলেন, ট্রাকের চাকা নষ্ট হওয়ার পর তাপস তাঁর ছেলেকে স্পেয়ার চাকা নিয়ে আসতে বলেছিলেন। পরে বাবা-ছেলে মিলে ট্রাকের চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা ট্রাকটি তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ধাক্কায় ট্রাকের কেবিন দুমড়েমুচড়ে ভেতরের দিকে ঢুকে যাওয়ায় মরদেহ উদ্ধার করতে কিছুটা বেগ পেতে হয়। পরে ট্রাকের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মুঞ্জুর মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হলেও দুর্ঘটনাকবলিত যানবাহন ও মালামাল সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি জানান, নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





























