জরুরি ২৭০১ কনস্টেবল নিয়োগের ঘোষণা

- সর্বশেষ আপডেট ০৪:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 148
পুলিশ বাহিনীতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, বাহিনীতে চেইন অব কমান্ড ফিরিয়ে আনা এখন প্রধান অগ্রাধিকার। বিগত সরকারের সময়ে লটারির মাধ্যমে ওসি ও এসপি নিয়োগের যে প্রক্রিয়া চালু ছিল, তা বাতিল করা হয়েছে।
এখন থেকে প্রার্থীদের সার্ভিস রেকর্ড, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই পদায়ন করা হবে। তার ভাষায়, লটারিভিত্তিক নিয়োগ স্বচ্ছ ছিল না; যোগ্যতার ভিত্তিতেই দায়িত্ব দেওয়া হবে।
জেলা পুলিশ সুপারদের জন্য রাজনৈতিক প্রটোকল বন্ধ রেখে কেবল বিধিবদ্ধ প্রটোকল অনুসরণের নির্দেশও দেন তিনি। এতে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের আসামি করার বিষয়ে তিনি বলেন, কিছু সুবিধাবাদী মহল নির্দোষ মানুষকে হয়রানি করছে।
এসব মামলা গুরুত্বের সঙ্গে পরীক্ষা করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনের শাসনের নামে কোনো নিরপরাধ ব্যক্তি ভোগান্তির শিকার না হন।
পাসপোর্ট অফিসে ভোগান্তি কমাতে নতুন উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাব-রেজিস্ট্রি অফিসের আদলে এনলিস্টেড সহায়তাকারী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যারা নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে অনলাইনে অনভ্যস্ত মানুষকে সহায়তা করবেন।
এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দালালচক্রের দৌরাত্ম্য কমবে বলে মনে করেন তিনি।
এ ছাড়া বিডিআর বিদ্রোহের ঘটনায় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
২০০৬ সালে নিয়োগবঞ্চিত সাব-ইন্সপেক্টরদের আদালতের রায়ের আলোকে পুনর্বহালের বিষয়টিও বাস্তবায়ন করা হবে।
সবশেষে তিনি হুঁশিয়ার করে বলেন, পুলিশের কাজে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না। পুলিশ ক্ষমতার অপব্যবহার করলে যেমন ব্যবস্থা নেওয়া হবে, তেমনি দায়িত্ব পালনে বাধা দিলেও কাউকে ছাড় দেওয়া হবে না।






























