গোবিন্দপুর বিএনপি সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

- সর্বশেষ আপডেট ০৭:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 203
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।
বুধবার (২৪ জুন) দুপুরে গোবিন্দপুর চৌরাস্তা বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আব্দুল্লাহ আল মামুনকে অবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, আব্দুল্লাহ আল মামুন, তার ভাই সোহাগ, মানিক, মাহফুজসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।
জিয়া উদ্দিন বলেন, হামলার সময় তাকে মারধর করা হয় এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া অন্যদের কাছ থেকেও টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
ইউনিয়ন বিএনপির সদস্য বাবুল মিয়াও একই ধরনের অভিযোগ তুলে ধরেন। তিনি দাবি করেন, হামলার ঘটনায় আব্দুল্লাহ আল মামুন, মানিক, মাহফুজ এবং মামুনের ভাই সোহাগ জড়িত ছিলেন। তাদের পরিকল্পিতভাবে হামলার শিকার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে মানববন্ধনে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, “দুই-এক দিনের মধ্যে আমি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত বক্তব্য তুলে ধরব।”































