অবসর নয়, জন সমর্থন নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা
- সর্বশেষ আপডেট ০৩:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 16
রাজনীতি থেকে অবসরের চিন্তা একসময় করলেও বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের জনগণ, নেতা-কর্মী ও গণতন্ত্রের স্বার্থে এখন বিশ্রামে যাওয়ার সুযোগ নেই।
ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থানকালে রাজনীতি থেকে অবসরের কথা ভেবেছিলেন শেখ হাসিনা। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই ভাবনা প্রত্যাখ্যান করেছেন তিনি।
মঙ্গলবার নয়াদিল্লি থেকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জনগণের দুর্দিনে পাশে থাকার শিক্ষা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পেয়েছেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্যাতনের মুখে রয়েছেন, অনেকে কারাবন্দি ও ঘরছাড়া। এ অবস্থায় তাদের ছেড়ে বিশ্রামে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি জানান, ব্যক্তিগতভাবে নতুন নেতৃত্বের পক্ষে থাকলেও বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সময় আসেনি।
তিনি দাবি করেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা চ্যালেঞ্জের মুখে রয়েছে। জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হওয়ার পরই তিনি অবসরের কথা ভাববেন।
দলের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো পারিবারিক সম্পত্তি নয়। দলের কাউন্সিল ও নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে যোগ্য, ত্যাগী ও আদর্শবান নেতৃত্ব নির্বাচিত হবে।
দেশে ফেরার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন নিয়েই তিনি দেশে ফিরবেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন।































