মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরাতে দূতাবাসের সহায়তা
- সর্বশেষ আপডেট ১০:১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / 31
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম মানবিক সহায়তার অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশি কর্মী মোঃ কামাল হোসেন (৪২)-এর হাতে দেশে প্রত্যাবর্তনের জন্য রোববার এয়ার টিকেট হস্তান্তর করেন। উল্লেখ্য, উক্ত এয়ার টিকেটটি বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল হতে প্রদান করা হয়।
মোঃ কামাল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাসিন্দা এবং তিনি দীর্ঘদিন যাবত গুরুতর হৃদরোগজনিত শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসা ও পারিবারিক সেবাযত্ন গ্রহণের লক্ষ্যে তাঁকে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
এ সময় হাইকমিশনার প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের অব্যাহত প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যেকোনো মানবিক, স্বাস্থ্যগত ও কল্যাণমূলক সমস্যায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা পাশে রয়েছে এবং আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাবে।
হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাচ্ছে। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক মঙ্গল, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা যথাযথ ও কার্যকরভাবে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।
তিনি আরও উল্লেখ করেন যে, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি, শ্রম কল্যাণ, মানবিক সহায়তা এবং অন্যান্য সমস্যা সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ হাইকমিশন নিবিড়ভাবে তদারকি ও প্রয়োজনীয় অনুসরণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় দূতাবাসের প্রথম সচিব মোঃ মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তাঁদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সুরক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।





































