শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য নতুন নির্দেশনা
- সর্বশেষ আপডেট ০৪:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 25
ভিসা হাতে পেলেই পরিকল্পনা বদলানোর সুযোগ নেই—এমনই সতর্কবার্তা দিয়েছে ঢাকায় থাকা শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলো। নির্ধারিত ভ্রমণসূচি থেকে সরে গেলে ভবিষ্যতে ভিসা পেতে জটিলতা তৈরি হতে পারে।
ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলো ভিসাপ্রাপ্তদের জন্য কিছু নির্দেশনা জারি করেছে। বিশেষ করে আবেদনপত্রে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা হুবহু অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে জার্মান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।
বার্তায় বলা হয়, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের ভ্রমণের সময়সূচি, গন্তব্য এবং উদ্দেশ্য যেন আবেদনপত্রে উল্লেখিত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুতি ঘটলে তা ভবিষ্যতে ভিসা আবেদনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনার বাইরে গিয়ে ভ্রমণ করলে শুধু জটিলতাই নয়, পরবর্তী সময়ে ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও তৈরি হতে পারে। ফলে ভিসাপ্রাপ্তদের সতর্ক থেকে নির্ধারিত সূচি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে, ভ্রমণ পরিকল্পনায় কোনো পরিবর্তন প্রয়োজন হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই জানাতে বলা হয়েছে। এতে ভবিষ্যৎ জটিলতা এড়ানো সহজ হবে বলেও মনে করছে দূতাবাস।
































