রাজশাহীতে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

- সর্বশেষ আপডেট ০২:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 140
রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় আশরাফুলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, আশরাফুল পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তারাপুরে তাঁর প্রথম স্ত্রী থাকেন। দ্বিতীয় স্ত্রীর জন্য মাহিন্দ্রা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। তবে মাঝেমধ্যে প্রথম স্ত্রীর বাড়িতেও যেতেন আশরাফুল। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বিরোধের জেরে শনিবার ভোরে রেখা খাতুন ব্লেড দিয়ে আশরাফুলের পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে তাঁর প্রথম স্ত্রী রয়েছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।































