মব ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৮:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 12
দেশে বাড়তে থাকা ‘মব কালচার’ মোকাবিলায় প্রচলিত আইন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হতে পারে।
রোববার রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হলেও মব সহিংসতা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ কারণে প্রয়োজন হলে আইনি সংস্কার আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অনলাইন জুয়া ও ইন্টারনেটভিত্তিক অপরাধ ঠেকাতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। নতুন আইনের আওতায় সাইবার অপরাধ, অবৈধ অর্থ লেনদেন ও অনলাইন জুয়ার বিষয়গুলো আনার পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর অপরাধের ধরন দ্রুত বদলাচ্ছে। তাই পুরোনো আইন দিয়ে বর্তমান বাস্তবতা মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে। প্রয়োজনে এ বিষয়ে অন্যান্য দেশের অভিজ্ঞতাও নেওয়া হবে।
এসময় অতিরিক্ত দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়েও সরকারের চিন্তার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিও করেন তিনি।




































