জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি
- সর্বশেষ আপডেট ০৭:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 19
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাসব্যাপী গুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
মঙ্গলবার (৩০ জুন) জামায়াতের এক সংবাদ সম্মেলনে মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া কর্মসূচি পালন করা হবে।
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে আলোচনা সভা করবে দলটি।
এছাড়া ১ আগস্ট দেশের মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল করা হবে। ২ থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারাদেশের জেলা ও উপজেলায় ডাক দেওয়া সমাবেশ ও মিছিলে পূর্ণ সমর্থন জানিয়ে অংশ নেবে জামায়াত।
এদিকে সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে জুলাইয়ের খুনি ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।































