জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৮:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 31
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেবেন।
রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, জাতীয় ঈদগাহের জামাতে আরও অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান এবং সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
এদিকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ আদায় করবেন। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান থাকবেন নরসিংদীর পলাশে। অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদের জামাতে অংশ নেবেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলায় এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের জামাতে অংশ নেবেন। এছাড়া অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
ঈদের নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, দোয়া ও কোরআন তেলাওয়াতের কর্মসূচি অনুষ্ঠিত হবে।































