এনসিপি নিয়ে যেসব বিতর্ক
ব্যাপক জনপ্রত্যাশা নিয়ে সম্প্রতি যাত্রা শুরু করেছে তরুনদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে পেছনে ফেলে তৃতীয় একটি ধারা তৈরি করবে দলটি।
কিন্তু দল গঠনের প্রথম দিন থেকেই বিতর্ক জেকে বসেছে দলটির নেতৃত্বকে ঘিরে। সঙ্গে নানামুখী অভিযোগের চাপও ঘিরে ধরেছে তারুণ্যনির্ভর এ দলটিকে।
জুলাই-আগস্টের আন্দোলনের সময় কোনো সিদ্ধান্ত না থাকলেও এই পর্যায়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এনসিপি নামে রাজনৈতিক দল গঠন করেন তারা। যদিও আন্দোলনে যুক্ত ছাত্র ও তরুনরা এতে সায়ও দিয়েছিল। বিপত্তি ঘটে; গঠন প্রক্রিয়া নিয়ে।
বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এনসিপি’কে কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ রাষ্ট্রীয় সবধরনের সুযোগ-সুবিধা ভোগ করে সরকারের পৃষ্টপোষকতায় নতুন এই দল গড়ে ওঠে।
গণ-অভ্যুত্থানে সবচেয়ে বীরোচিত ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয় নতুন দল গঠনে। শহিদ পরিবারসহ আহতদের পাশে সক্রিয়ভাবে না থাকা, দল গঠনের সময় শুধু একটি কোরগ্রুপকে প্রাধান্য দেওয়া, দল পরিচালনার তহবিল গঠন প্রশ্নে জনপ্রত্যাশা অনুযায়ী সব প্রশ্নের উত্তর অস্পষ্ট হতে থাকে।
বিভিন্ন স্থানে দলটির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, তদবির বানিজ্য, বিলাসি জীবনযাপনসহ তাদের দৈনন্দিন জীবনযাত্রা নিয়েও সমালোচনা কম হয়নি।
এছাড়াও সেনাবাহিনীর সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকের তথ্য প্রকাশ্যে আনা এবং সর্বোপরি দলের শীর্ষ পর্যায় থেকে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করার ঘটনায় এনসিপিকে নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
চব্বিশের গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি সক্রিয় ছিলেন রাজপথে। আন্দোলন সফল করতে তাদের ভূমিকা ছিল অনেক বেশি। কিন্তু ৫ আগস্ট-পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদ গঠন কিংবা সম্প্রতি দল গঠনের সময় তাদেরকে উপেক্ষা করার অভিযোগ করে আসছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।
বিশ্লেষকদের অনেকে মনে করেন, এভাবে এনসিপিকে যদি একের পর এক বিতর্ক ঘিরে ধরে এবং দেশবাসীকে আরও আশাহত হতে হয় তাহলে নতুন এ দলটির পথচলা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠতে পারে। এছাড়া যেহেতু এ দলটির সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা জড়িত, সেহেতু এ দলের যে কোনো নেতিবাচক দিক বর্তমান প্রেক্ষাপটে নানান সংকট তৈরি করবে।
