নীলফামারীতে চায়ে চেতনানাশক মিশিয়ে অটো ছিনতাই, গ্রেপ্তার ৩

- সর্বশেষ আপডেট ০৭:২৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 136
নীলফামারীতে চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অটোরিকশাচালককে অচেতন করে যানবাহন ছিনতাইয়ের অভিযোগে আন্তজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া চারটি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ বি এম ফয়জুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর এলাকার মো. ওয়াহেদ ইসলাম (৬৫), সদর উপজেলার উত্তর পঞ্চপুকুর মাঝাপাড়া এলাকার মো. রবি ইসলাম (২৫) এবং দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় এলাকার মো. রফিকুল ইসলাম (৪৫)।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২০ অক্টোবর সকালে জলঢাকা উপজেলার মীরগঞ্জ হাটের অটোরিকশাচালক মো. নূর ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বের হন। এ সময় সাকিব ইসলাম নামের এক যুবকসহ দুজন ব্যক্তি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখার কথা বলে তাঁর ভ্যানটি ভাড়া করেন। দিনভর বিভিন্ন এলাকায় ঘোরার পর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে তাঁরা চালককে সদর উপজেলার পলাশবাড়ী বাজার এলাকায় নিয়ে যান।
সেখানে একটি চায়ের দোকানে কৌশলে চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে নূর ইসলামকে খাওয়ানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁর অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা সাকিব ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে অসুস্থ চালককে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, আটক সাকিব ইসলামের দেওয়া তথ্য এবং ভুক্তভোগী চালকের স্ত্রীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়। জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে পঞ্চপুকুর এলাকা থেকে চক্রের অন্যতম সদস্য মফিজুল ইসলাম ওরফে হাজীকে একটি চোরাই অটোভ্যানসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জে ওয়াহেদ ইসলামের বাড়ির আঙিনা থেকে পলিথিনে ঢাকা অবস্থায় আরেকটি চোরাই ভ্যান উদ্ধার করা হয়। জলঢাকায় রবি ইসলামের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয় একটি ইজিবাইক।
সর্বশেষ ২২ অক্টোবর বিকেলে দিনাজপুরের খানসামা বাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই যানবাহন কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও একটি অটোভ্যান জব্দ করে পুলিশ।































