মোংলা নৌঘাঁটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৪:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 150
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে তিনি ঘাঁটির জেটিতে পৌঁছান। সফরে তিনি সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন।
সুন্দরবন পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে নৌপথে বাগেরহাটের মোংলা নৌঘাঁটিতে পৌঁছান তিনি।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির কথা রয়েছে। এ সময় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসকের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ড রুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
বিকেল ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। বিকেল ৩টায় জেটিতে পৌঁছে পরিদর্শন করবেন তিনি। এরপর বিকেল সোয়া ৩টায় প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় ওই অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
সফর শেষে বিকেল ৪টায় হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। তাঁর পরিদর্শনস্থলগুলোতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) সদস্যদের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সফরটি রাজনৈতিক নয়, সরকারি কর্মসূচিকেন্দ্রিক হওয়ায় নির্ধারিত উচ্চপদস্থ কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের উপস্থিতিই প্রাধান্য পাবে।































