নির্বাচনী সহিংসতা ও অর্থের অপব্যবহার বন্ধের আহ্বান

- সর্বশেষ আপডেট ০৭:৪৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 202
নির্বাচনে নারীর মনোনয়ন বৃদ্ধি, নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং নির্বাচনী সহিংসতা ও অর্থের অপব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নারী সংসদ সদস্য ও অধিকারকর্মীরা। একই সঙ্গে জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং রাজনৈতিক দলের সব পর্যায়ে অন্তত এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি ও আহ্বান জানানো হয়। এতে নারী সংসদ সদস্যরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মালেকা বানু।
স্বাগত বক্তব্যে রাবেয়া খাতুন শান্তি বলেন, ১৯৭০ সাল থেকে বাংলাদেশ মহিলা পরিষদ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি, মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছে। বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও রাজনীতিতে তাঁদের যথাযথ প্রতিনিধিত্ব, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণের সুযোগ এখনও সীমিত।
লিখিত বক্তব্যে মালেকা বানু জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা এবং রাজনৈতিক দলের সব পর্যায়ে অন্তত এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নারী ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রান্তিক নারীদের ক্ষমতায়নের মূলধারায় নিয়ে আসার পাশাপাশি নারীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা এবং কন্যাশিশুর প্রতি নির্যাতন বন্ধে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে ধারাবাহিক সংগ্রাম, কার্যক্রমের পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর গুণগত প্রতিনিধিত্ব বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অন্যান্য আলোচক বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও তাঁদের যোগ্যতা বারবার প্রমাণ করতে হয়। নারীর অধিকার প্রতিষ্ঠায় নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর গুণগত পরিবর্তন জরুরি। নারীর ক্ষমতায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু আয়মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ নয়, সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দলগুলোতে যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পাওয়াও নিশ্চিত করতে হবে।
সংসদ সদস্য মাধবী মারমা বলেন, রাঙামাটির প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিবাহবিচ্ছেদের পর মায়ের কাছে সন্তান না থাকার মতো সামাজিক বাস্তবতা এখনও রয়েছে। এমন পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে। নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে কাজ করা নারী রাজনৈতিক কর্মীদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেন, নারীরা এখনও নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। ভোটকেন্দ্রেও তাঁদের অনেক সময় পুরুষের ওপর নির্ভর করতে হয়। নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও যথাযথ মূল্যায়ন পান না। রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের দাবি বাস্তবায়ন না হওয়ার কারণ অনুসন্ধান এবং এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দলমত-নির্বিশেষে নারী অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন।
সংসদ সদস্য আন্না মিনজ বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অগ্রগতি হলেও তা ধীরগতির। সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের নির্দিষ্ট দায়িত্ব বণ্টন ও সমান বরাদ্দ দেওয়ার ফলে জনগণের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নারীর রাজনৈতিক অংশগ্রহণ আরও বাড়াতে হবে।
সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, নারীর ক্ষমতায়ন বলতে দেশের সব নারীর ক্ষমতায়ন বোঝায়, যা এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। রাজনৈতিক প্রতিনিধিত্বে পরিবারতন্ত্রের পরিবর্তে তৃণমূলের সংগ্রামী নারী কর্মীদের গুরুত্ব দিতে হবে। নারীর ওপর নির্যাতনের ঘটনায় নারী রাজনৈতিক কর্মীসহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি প্রান্তিক নারীদের উন্নয়ন এবং নির্যাতিত ও নিপীড়িত নারীদের সহায়তায় নারী রাজনৈতিক কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। সংসদ সদস্য শিরীন সুলতানা বলেন, নারীশিক্ষার প্রসার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বেগম রোকেয়া, ইলা মিত্র, হেনা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার ও সুফিয়া কামালের মতো সংগ্রামী নারীদের পথ ধরে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে নারীরা বিভিন্ন অধিকার অর্জন করেছেন। তবে নারী আন্দোলন কখনো শেষ হয় না; সময়ের সঙ্গে এর ধরন বদলায়। সামাজিক কাঠামোর সীমাবদ্ধতার কারণে নারীর অধিকারকে এখনও মানবাধিকার হিসেবে যথাযথ স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতি পরিবর্তনে সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংসদে আলোচনা উত্থাপনের জন্য নারী সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সংসদ ও রাজপথের আন্দোলনের সমন্বয়ে নারীর অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করার পাশাপাশি নারী-বিদ্বেষী শক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজেকা সুলতানা, মাধবী মারমা, নাদিয়া পাঠান পাপন, জহরত আদিব চৌধুরী, ফাহমিদা হক, নেওয়াজ হালিমা আরলী, রাশেদা বেগম হীরা, আন্না মিনজ, নিলোফার চৌধুরী মনি, শিরীন সুলতানা, ফরিদা ইয়াসমিন ও সেলিনা সুলতানা। এ ছাড়া সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিনিধি, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী, সম্পাদকমণ্ডলীর সদস্য, কর্মকর্তা ও সাংবাদিকসহ প্রায় ১৫০ জন অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী।






























