দুর্গাপূজার সভায় বিএনপি-জামায়াতের হাতাহাতি

- সর্বশেষ আপডেট ০১:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 115
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান ও শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়াসহ উপজেলার ৮৫টি পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় উপস্থিত বিভিন্নজনের বক্তব্য শেষে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এ সময় পেছন থেকে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীরও বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তখন বিএনপির কয়েকজন নেতা তাকে ধাক্কা দিয়ে হলরুম থেকে বের করে দেন বলে অভিযোগ করা হয়। পরে তার পরিচয় জানার পর ইউএনওসহ অন্যরা তাকে আবার হলরুমে ডেকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।
নুরুজ্জামান মীর মাইক্রোফোন হাতে নিয়ে বক্তব্য দেওয়ার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম খানের বক্তব্যের একটি অংশের প্রতিবাদ করেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ তাকে হলরুম থেকে বের করে নিয়ে যায়।
ঘটনার সময় কয়েকজন সাংবাদিক মারামারির ভিডিও ধারণ করছিলেন। তাদের কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
আহত নুরুজ্জামান মীর বলেন, প্রথমে বক্তব্য দেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাকে লাঞ্ছিত করা হয়। পরে বক্তব্য দেওয়ার সময়ও তাকে মারধর করে সভাস্থল থেকে বের করে দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন, নুরুজ্জামান মীরকে তিনি উপজেলা জামায়াতের আমির হিসেবে চিনতেন না। তাঁর দাবি, বক্তব্যে জামায়াতের নাম উল্লেখ করে তিনি কোনো কথা বলেননি। সংসদ সদস্য বক্তব্য দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় নুরুজ্জামান কোনো পরিচয় না দিয়ে বক্তব্য দিতে চাওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে এ ঘটনায় বিএনপির কেউ জড়িত নয় বলে দাবি করেন তিনি।
শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে সভায় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান বলেন, সভায় সাময়িকভাবে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।































