ভর্তি পরীক্ষা নয়, প্রথম শ্রেণিতে লটারি

- সর্বশেষ আপডেট ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 208
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিকল্পনা থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। অভিভাবক, শিক্ষাবিদ ও বিভিন্ন মহলের উদ্বেগ এবং কোচিংনির্ভরতা বাড়ার আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে আগের মতোই লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আগের নিয়মেই লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। অন্য শ্রেণির ভর্তি পদ্ধতি নিয়ে এখনও আলোচনা চলছে।
এর আগে গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। সে সময় জানানো হয়েছিল, লটারিভিত্তিক ব্যবস্থা বাতিল করে নতুন ভর্তি পদ্ধতি চালু করা হবে।
তবে ওই ঘোষণার পর থেকেই শিক্ষাবিদ ও অভিভাবকদের একটি বড় অংশ এর বিরোধিতা করেন। তাদের মতে, অল্প বয়সে শিশুদের ভর্তি পরীক্ষার মুখোমুখি করলে মানসিক চাপ বাড়বে, কোচিংনির্ভরতা বৃদ্ধি পাবে এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুরা বৈষম্যের শিকার হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেন, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা বৈষম্য সৃষ্টি করবে। কোচিং বা প্রাইভেট পড়ার সুযোগ যাদের বেশি, তারা এগিয়ে থাকবে; ফলে পিছিয়ে পড়বে সুবিধাবঞ্চিত শিশুরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুনও মনে করেন, অন্তত প্রাথমিক স্তরে কোনো ধরনের ভর্তি পরীক্ষা থাকা উচিত নয়। তার ভাষায়, ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য আবারও বিস্তৃত হবে এবং শিশুদের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি হবে।
সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটির নেতারা প্রথম শ্রেণির পাশাপাশি প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ভর্তিই লটারির মাধ্যমে সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমেও আগের নিয়ম বহাল থাকছে। এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং মেধা, পছন্দক্রম ও প্রযোজ্য কোটার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরপরই একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা ও সময়সূচি প্রকাশ করা হবে।






























