কবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৮:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 245
আগামী বছরের প্রথমদিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন হবে নিরপেক্ষ এবং জনপ্রতিনিধিদের অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে।
বুধবার (২২ জুলাই) রাজধানীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ইচ্ছামতো বরখাস্ত করা উচিত নয়। একই সঙ্গে সরকারি ত্রাণ সঠিকভাবে বণ্টন এবং দরিদ্র মানুষের প্রাপ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। চেয়ারম্যান ও সদস্যদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে রাষ্ট্রও শক্তিশালী হবে। তিনি জানান, চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কার্যক্রমে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি ত্রাণ বিতরণে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আগে এপ্রিল মাসে ত্রাণের বরাদ্দ দেওয়া হলেও এবার থেকে সেপ্টেম্বর মাসে বরাদ্দ দেওয়া হবে, যাতে পরবর্তী চার মাসের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা যায়।































