আইভীর ১০ মামলায় জামিন বহাল
- সর্বশেষ আপডেট ০৩:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 25
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী–এর বিরুদ্ধে দায়ের করা ১০ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে আরও পাঁচ মামলার জামিনসংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী–এর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা ও হামলার অভিযোগে দায়ের হওয়া পাঁচ মামলায় গত নভেম্বরে আইভীকে জামিন দেন হাইকোর্ট। পরে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে সেসব মামলাতেও জামিন পান তিনি।
মামলাগুলোর মধ্যে ফতুল্লা থানার চারটি হত্যা মামলা এবং সদর মডেল থানার হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার একটি মামলা রয়েছে। রাষ্ট্রপক্ষ এসব জামিন স্থগিত চেয়ে আপিল করলে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে।
এদিকে আরও দুই মামলায় হাইকোর্ট থেকে পাওয়া আইভীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে বলে জানা গেছে।
গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরে একে একে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।





































