সামাজিক সুরক্ষার দাবিতে সাভারে শ্রমিক সমাবেশ
- সর্বশেষ আপডেট ০৮:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 88
‘সমাবেশ থেকে শ্রমিকদের জন্য রেশন ও স্বাস্থ্য কার্ড চালু এবং জাতীয় বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের দাবি জানানো হয়।
শুক্রবার (১ মে ২০২৬) বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের মুর্তির মোড়ে এ সমাবেশের আয়োজন করে ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট (ডিবিএম)-এর লেবার ওয়ার্কিং গ্রুপ। এতে সম্মিলিত শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক ও যুব সংগঠনের প্রায় তিন শতাধিক শ্রমিক অংশ নেন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাও, শ্রমিক বাঁচাও’—এই স্লোগানে সাভারে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন ডিবিএমের সাধারণ যুগ্ম সম্পাদক সেকেন্দার আলী মিনা এবং সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ পরিস্থিতিতে সহজ শর্তে রেশনিং ব্যবস্থা চালু, শ্রমিকদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশেষায়িত হাসপাতাল স্থাপন জরুরি। পাশাপাশি একটি কার্যকর পেনশন স্কিম চালুর দাবি জানান তারা।
তারা আরও বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণ করতে হবে। সমাবেশ থেকে শ্রমিক সুরক্ষা তহবিল কার্যকর করা এবং শ্রমিক-সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করারও দাবি জানানো হয়।
বক্তারা সতর্ক করে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

































