চিকিৎসা ভিসা সহজ করার আশ্বাস ভারতের
- সর্বশেষ আপডেট ০৪:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 26
বাংলাদেশিদের জন্য স্বল্পব্যয়ে উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য করতে ভিসা প্রক্রিয়া আরও নমনীয় করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এ বিষয়ে দুই দেশের স্বাস্থ্য সহযোগিতাকে নতুন মাত্রা দেওয়ার কথা বলেছেন।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশিদের জন্য মানসম্মত ও তুলনামূলকভাবে সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে ভারত অঙ্গীকারবদ্ধ।
তিনি উল্লেখ করেন, চিকিৎসা খাতে সহযোগিতা শুধু বাণিজ্যিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দুই দেশের জনগণের মধ্যে আস্থার একটি ক্ষেত্রও তৈরি করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের বেসরকারি খাত যদি একসঙ্গে কাজ করে, তাহলে মেডিকেল ট্যুরিজম আরও সংগঠিত ও কার্যকর হতে পারে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের মণিপাল হসপিটালের মধ্যে একটি চুক্তি সই হয়।
আয়োজকেরা জানান, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভ্রমণ তুলনামূলকভাবে সহজ হবে। ভিসা সহায়তার পাশাপাশি উন্নত চিকিৎসা, আবাসন এবং বিমান ভাড়ায় কিছু সুবিধার কথাও এতে যুক্ত রয়েছে।
ভার্মা এ প্রসঙ্গে বলেন, এই উদ্যোগকে তিনি কেবল ব্যবসায়িক সহযোগিতা হিসেবে দেখেন না; বরং এটি দুই দেশের মধ্যে মানুষের জীবনমান উন্নয়নের একটি যৌথ প্রয়াস। তার ভাষায়, ভারতের চিকিৎসা দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, আর এই সহযোগিতা জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পথ খুলে দিতে পারে।
অন্যদিকে, কূটনৈতিক পর্যায়ের আলোচনায়ও ভিসা সহজ করার বিষয়টি উঠে এসেছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করার ইঙ্গিত দেন। তিনি দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেন।
কূটনৈতিক সূত্র বলছে, অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ হতে পারে। তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সীমিত হয়ে পড়া ভিসা কার্যক্রম এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি—এই বাস্তবতাও থেকে যাচ্ছে।































