শাহজালালকে আঞ্চলিক এভিয়েশন হাব করার পরিকল্পনা
- সর্বশেষ আপডেট ০৩:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 34
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক ও বৈশ্বিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় থাকলে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কেন্দ্র হিসেবে উন্নীত করা সম্ভব।
সোমবার (২০ এপ্রিল) বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের বিমান চলাচল ব্যবস্থাকে আরও আধুনিক ও দক্ষ করতে সরকার কাজ করছে। সবার অংশগ্রহণ নিশ্চিত হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু দেশের নয়, বরং আঞ্চলিক গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবে পরিণত হতে পারে।
এদিকে অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. রশিদুজ্জামান মিল্লাত জানান, নতুন প্রযুক্তি সংযোজনের ফলে আকাশসীমা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে।
এতে আঞ্চলিক সহযোগিতা জোরদার হবে এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বিত এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে।































