লক্ষ্মীপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
- সর্বশেষ আপডেট ০৩:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 109
লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হাসমত উল্যা (৭২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকায় আহম্মদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত তোফায়েল ও মোহন তার চাচা হাসমতের ওপর লাঠি দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নিহতের স্বজনরা অভিযুক্ত তোফায়েল ও মোহনের দুটি বসতঘর ভাঙচুর করে এবং ঘরের মালামালে অগ্নিসংযোগ করেন। নিহত হাসমত ওই এলাকার আহম্মদ আলী হাজী বাড়ির বাসিন্দা ছিলেন। অভিযোগে বলা হয়েছে, একাধিকবার জমি নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানেনি এবং পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
ঘটনার পর থেকে তোফায়েল ও মোহন আত্মগোপনে রয়েছেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।





























