বিসিবি নির্বাচন আয়োজনে আইনি বাধা নেই
- সর্বশেষ আপডেট ০৩:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 30
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন নির্ধারিত পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনি বাধা থাকছে না।
বিসিবির নির্বাচন তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট বুধবার (৩ জুন) খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
জানা যায়, সাধারণ পরিষদ গঠন ও পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ আয়োজনের অংশ হিসেবে গত ৬ মে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠায় বিসিবি। ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে গত ১৮ মে ছয়জন ব্যক্তি রিট আবেদন করেন।
রিটকারীরা দাবি করেন, তারা ২০২৫-২০২৯ মেয়াদের জন্য বিসিবির সাধারণ কাউন্সিলে যথাযথভাবে কাউন্সিলর হিসেবে মনোনীত বা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তবে আদালত তাদের আবেদন খারিজ করে দেন।





































