নীলফামারীতে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 36
নীলফামারীর জলঢাকা উপজেলায় ধানক্ষেত থেকে মমিনুর রহমান (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মমিনুর রহমান উপজেলার বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতের ভেতরে কিশোরটির নিথর দেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তবে কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।































