উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ১১:১৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 73
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুর যাবেন। সেখানে জনসভা শেষে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তিনি। দুই দশকের বেশি সময় পর তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা।
দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায় করবেন সফরের প্রথম জনসভা। তাই প্রস্তুত হচ্ছে ঠাকুরগাও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। বিএনপির এই নির্বাচনি জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছার পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভা স্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। প্রায় দুই যুগ পর তারেক রহমানকে সরাসরি দেখতে পাওয়ার আশায় উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
ঠাকুরগাঁও থেকে নীলফামারীতে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। যেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছ্বসিত স্থানীয় ও নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, এখানে তারেক রহমানের নানার বাড়ি। এখানে তিনি আসলে এই এলাকার উন্নয়ন হবে। গত ১৫ বছর এই এলাকার কোনো উন্নয়ন হয়নি।
































