আজও ঢাকামুখী মানুষের চাপ, বাড়তি ভাড়ার অভিযোগ
- সর্বশেষ আপডেট ১২:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 41
দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে পুরোদমে চালু হচ্ছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। যা ঘিরে আজ বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে লঞ্চ ও বাস টার্মিনালের পাশাপাশি রেলস্টেশনেও ছিল ভিড়। বরাবরের মতো এবারও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের।
রাজধানীর সদরঘাটে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীবাহী লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়। ফেরি ও লঞ্চঘাট এলাকায় সরেজমিনে দেখা যায়, গাদাগাদি করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে এসে পরিবহনস্বল্পতার কারণে ঘণ্টার পর ঘণ্টা বাসের অপেক্ষা করছেন যাত্রীরা।
অপেক্ষামাণ যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ের দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া নেওয়া হচ্ছে। স্বাভাবিক সময়ে সেলফি, নীলাচল, শুভযাত্রা পরিবহনের বাসে পাটুরিয়া থেকে নবীনগরের ভাড়া ১২০ টাকা। তবে ঈদের ফিরতি যাত্রায় নেওয়া হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা।
তারা আরও জানান, স্বাভাবিক সময়ে পাটুরিয়া থেকে গাবতলীর ভাড়া ১৮৫ টাকা, এখন নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা। বাড়তি ভাড়ার প্রতিবাদ করলে যাত্রীদের লাঞ্ছিত করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
বাস টার্মিনালগুলোতেও দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। তবে ফেরার পথে মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি এবং অল্প সময়েই গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
সাত দিনের ঈদের ছুটির পর সরকারি অফিস-আদালত খুলেছে গত মঙ্গলবার। তবে স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে রাজধানী ছিল ফাঁকা। রোববার থেকে সব সরকারি-বেসরকারি অফিস পুরোদমে কার্যক্রম শুরু হবে-এ কারণে রাজধানীতে ঢুকছে হাজার হাজার মানুষ।



































