৭ নভেম্বর পর্যন্ত বাড়ল ঐতিহ্য বুক কার্নিভাল
- সর্বশেষ আপডেট ১০:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 29
পাঠকদের ব্যাপক সাড়া ও আগ্রহের কারণে ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’-এর সময়সীমা আরও সাত দিন বাড়ানো হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে চলবে এ আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে কার্নিভাল।
ঐতিহ্য প্রকাশনীর আয়োজনে এ কার্নিভালে প্রতিষ্ঠানটির পাশাপাশি অংশ নিচ্ছে ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড ও ধ্রুবপদ প্রকাশনা। আয়োজনের ফুড পার্টনার হিসেবে রয়েছে নির্বাচিত পাকেরঘর।
বইপ্রেমীদের জন্য কার্নিভালে রাখা হয়েছে বিশেষ ছাড়। মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্য প্রকাশিত রচনাবলিতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এ ছাড়া রচনাবলির পৃথক খণ্ড ১৫০ থেকে ২০০ টাকায় কেনার সুযোগ রয়েছে। যেকোনো পরিমাণ বই কিনলেই উপহার হিসেবে দেওয়া হচ্ছে বুকমার্ক। অন্যান্য অংশগ্রহণকারী প্রকাশনীর বইয়েও রয়েছে বিশেষ ছাড়।
সাহিত্য, বই ও সংস্কৃতিকে ঘিরে পাঠক-লেখকদের মিলনমেলায় পরিণত হওয়া এ কার্নিভালে পাঠক, লেখক, শিক্ষার্থীসহ সব বইপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ঐতিহ্য।














