সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা সরকারের
- সর্বশেষ আপডেট ০৪:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 49
দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন।
সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনের সকালের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সিরাজগঞ্জ-১ আসনের এমপি মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি ঘাটতি কমাতে স্কুল ফিডিং কার্যক্রম বিস্তৃত করা হবে।
তিনি জানান, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে আধুনিক করতে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।
পাশাপাশি দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ডিজিটাল ব্যবধান কমাতে সহায়ক হতে পারে।
কারিগরি শিক্ষায় জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
লিখিত জবাবে তিনি আরও উল্লেখ করেন, আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদরাসা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেওয়া হবে।
মাদরাসা শিক্ষাকে সময়োপযোগী করতে স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ ও কারিগরি কোর্স অন্তর্ভুক্তির কথাও তুলে ধরেন।
এ ছাড়া আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে কৃষি প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, মোবাইল অ্যাপ উন্নয়ন, পাইথন প্রোগ্রামিং এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম শিগগির শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

























