রাজধানীর মেট্রোরেলের যাত্রীদের জন্য আসছে আরও কিছুটা বাড়তি সুবিধা। চলতি মে মাসের শেষ কিংবা আসন্ন ঈদুল আজহার পর রাতে মেট্রোরেল চলাচলের সময় প্রায় ৪০ থেকে ৫০ মিনিট বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
পাশাপাশি ট্রেন চলাচলের ব্যবধানও কিছুটা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যাত্রী চাপ আরও কার্যকরভাবে সামাল দেওয়া যায়।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এ বিষয়ে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষামূলক পর্যায় শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
পরিকল্পনা অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরা রুটে সর্বশেষ ট্রেন এখন রাত ১০টা ১০ মিনিটে ছাড়লেও সেটি বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত চালানোর কথা ভাবা হচ্ছে।
একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেনও বর্তমানে রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
ট্রেন চলাচলের ব্যবধানেও পরিবর্তন আসতে পারে। বর্তমান সময়ের তুলনায় প্রায় ৩০ সেকেন্ড কমিয়ে আনার কথা বিবেচনা করা হচ্ছে, ফলে ট্রেন আসা-যাওয়ার ব্যবধান দাঁড়াবে আনুমানিক সাড়ে ৪ মিনিটে।
তবে সকালে মেট্রোরেলের সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন যাত্রা শুরু করে সকাল সোয়া ৭টায়।
নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাতের যাত্রীদের জন্য মেট্রোরেল আরও বেশি কার্যকর ও সুবিধাজনক হয়ে উঠবে বলে আশা করছে কর্তৃপক্ষ।