ক্ষতিগ্রস্ত দুটি শেল্টার
ব্র্যাকের পানির ট্যাংক ধসে চার রোহিঙ্গা আহত
- সর্বশেষ আপডেট ০৫:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- / 261
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের সি/২ ব্লকে ব্র্যাক এনজিও স্থাপিত একটি বিশালাকৃতির পানির ট্যাংক ধসে পড়ায় চারজন রোহিঙ্গা আহত হয়েছেন।
জানা গেছে, আজ সোমবার (১৬ জুন) আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে প্রায় ৮০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকটি আকস্মিকভাবে ধসে পড়ে। এতে আশপাশে অবস্থানরত চারজন রোহিঙ্গা নাগরিক আহত হন এবং দুটি বসবাসযোগ্য শেল্টার ক্ষতিগ্রস্ত হয়।
আহতরা হলেন—জালাল আহমেদ (৬২), গুলতাজ বেগম (৫০) (দম্পতি), রহিমা খাতুন (৩০) ও রোবেদা (৪)। তারা সবাই ব্লক সি/২, ক্যাম্প-১ ওয়েস্টের বাসিন্দা। তাদের মধ্যে রোবেদার এফসিএন নম্বর ১৬৪৫০৩।
ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পুরো ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু রোহিঙ্গা বাসিন্দা এনজিও কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও তুলেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



































