চাঁদে ফুটবল পাঠাবে নাসা!
- সর্বশেষ আপডেট ০১:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 10
চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্যতিক্রমী এক ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। স্বাগতিক যুক্তরাষ্ট্র যদি এবারের বিশ্বকাপে শিরোপা জিততে পারে, তাহলে দলের ব্যবহৃত একটি অফিসিয়াল ম্যাচবল ভবিষ্যতের একটি চন্দ্র মিশনে চাঁদে পাঠানো হবে।
ফ্রান্সের ক্রীড়াবিষয়ক দৈনিক ‘এল’একিপ’ এবং বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এই পরিকল্পনার কথা প্রকাশ করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র দলের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, ‘আমেরিকান দল, তোমরা এটা করে দেখাও।’
নাসার পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিশ্বচ্যাম্পিয়ন হলে সেই সাফল্যের স্মারক হিসেবে দলের ব্যবহৃত একটি অফিসিয়াল ফুটবল ভবিষ্যতের কোনো রোবটিক চন্দ্র অভিযানে পাঠানো হবে। একই মিশনে বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতিও বহন করা হবে।
নাসার চন্দ্রাভিযান প্রকল্পের ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গালান বলেন, একটি ফুটবল মহাকাশযানে বহন করা প্রযুক্তিগতভাবে খুবই সহজ। তার ভাষায়, বলটির ওজন ও আকার এতটাই কম যে এটি মিশনের জন্য কোনো অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করবে না। তবে পরিকল্পনাটি বাস্তবায়ন হবে কি না, সেটি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ জয়ের ওপর।
এর আগে বিশ্বকাপ উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে নাসা একটি অফিসিয়াল ফুটবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠিয়েছিল। এবার সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।
এদিকে নাসার ঘোষণার পর স্বাগতিক যুক্তরাষ্ট্র দলের প্রতি সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে। নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলটি আগামীকাল ভোর ৬টায় রাউন্ড অব ৩২-এ বসনিয়ার মুখোমুখি হবে।


















