চট্টগ্রামের শতাধিক গ্রামে বুধবার ঈদুল আজহা উদযাপন
- সর্বশেষ আপডেট ০৯:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / 12
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অন্তত শতাধিক গ্রামে আগামী বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুসরণ করে এসব এলাকায় একই দিনে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে।
চট্টগ্রাম অঞ্চলের আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, লোহাগাড়া, পটিয়া, হাটহাজারী, রাউজান, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের বিভিন্ন গ্রামে বুধবার সকাল থেকেই ঈদের আমেজ ছড়িয়ে পড়বে। এর পাশাপাশি বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ কয়েকটি পার্বত্য ও উপকূলীয় জেলার কিছু এলাকাতেও একই দিনে ঈদ পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আনোয়ারার তৈলারদ্বীপ ও বরুমচড়া এলাকায় বুধবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই দিনে সাতকানিয়ার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফের মূল খানকাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
দরবার শরীফ সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই শতাব্দী ধরে অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে হজের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছেন। তারা দাবি করেন, চাঁদের অবস্থান ও হজের আনুষ্ঠানিকতা পর্যবেক্ষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মির্জাখীল দরবার শরীফের এক দায়িত্বশীল ব্যক্তি জানান, আরাফাতের ময়দানে হজের খুতবা ও আনুষ্ঠানিকতা সরাসরি অনুসরণের পর দেশে ও বিদেশে থাকা অনুসারীরা একই সময়ে ঈদের নামাজ আদায় করেন। এই ঐতিহ্যকে কেন্দ্র করে প্রতিবছরই নির্দিষ্ট দিনে ঈদ উদযাপন হয়ে আসছে।

































