কক্সবাজারে ‘রানফরপিস’, অংশ নিলেন ৪০০ রানার
- সর্বশেষ আপডেট ১০:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 23
সামাজিক সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে ‘রানফরপিস’ শীর্ষক সংহতি দৌড়। শনিবার (৩১ অক্টোবর) সকালে ৭ দশমিক ৫ কিলোমিটারের এ দৌড়ে বিভিন্ন বয়স ও পেশার চার শতাধিক মানুষ অংশ নেন।
এমবোল্ডেন বাংলাদেশের আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ, সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড) ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
সকাল ৬টায় লাবণী বিচ পয়েন্ট থেকে দৌড় শুরু হয়। অংশগ্রহণকারীরা হলিডে মোড়, গুনগাছতলা ও নতুন ব্রিজ ঘুরে আবার লাবণী বিচ পয়েন্টে ফিরে আসেন। প্রথমবারের মতো দৌড়ে অংশ নেওয়া শৌখিন দৌড়বিদ থেকে শুরু করে অভিজ্ঞ রানারদের উপস্থিতিতে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকেরা জানান, বিভিন্ন পটভূমির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও আস্থা বাড়ানোর পাশাপাশি সামাজিক বিভেদ দূর করতে তরুণদের নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দৌড় শেষে সকাল সাড়ে ৭টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নারী বিভাগে বিপাশা আনোয়ার, নুসরাত জাহান ও ভিওলি তুগাদে হোসেইন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন। পুরুষ বিভাগে প্রথম তিনটি স্থান অর্জন করেন আশরাফুল আলম, আলেক্স পারভেজ পলাশ ও জাকির হোসেন। দুই বিভাগে সেরা ১০ জন দৌড়বিদকেও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের যুগ্মসচিব মোহাম্মদ সামছু-দ্দৌজা। তিনি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে নারী ও শিশুদের জন্য পৃথক দৌড় প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি, শান্তি ও মর্যাদাপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।
অনুষ্ঠানে একশনএইড বাংলাদেশের হেড অব হিউম্যানিটারিয়ান প্রোগ্রাম মো. আব্দুল আলীম এবং ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস টিমের লিড মো. নাজমুল আহসান তরুণদের ক্ষমতায়ন ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মো. রফিকুল ইসলাম এফসিএ, শেডের উপপরিচালক আবদুল মান্নান এবং এমবোল্ডেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইনজামামুল হকসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।


















