ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার নেপথ্যের কারণ
- সর্বশেষ আপডেট ১০:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 9
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্যই ব্যর্থতার পথে যাচ্ছে বলে মন্তব্য করেছে আল-জাজিরার এক বিশ্লেষণ। এতে বলা হয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
বিশ্লেষণে দাবি করা হয়, ইরানের রাজনৈতিক কাঠামো ও অভ্যন্তরীণ ঐক্য সম্পর্কে ভুল ধারণা নিয়েই এই সংঘাত শুরু হয়েছিল। ধারণা ছিল, সামরিক চাপের মুখে তেহরানে দ্রুত ক্ষমতার পরিবর্তন ঘটানো সম্ভব হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি উল্টো দিকে মোড় নেয়; সামরিক চাপের মুখে দেশটির শাসনব্যবস্থা আরও সংহত হয়েছে এবং জনসমর্থনও বেড়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইরানের দীর্ঘ ইতিহাস, সাংস্কৃতিক শক্তি এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও গড়ে ওঠা নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি ওয়াশিংটন। ফলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরানের তুলনামূলক সাশ্রয়ী সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল প্রতিরক্ষা চ্যালেঞ্জ তৈরি করেছে।
এছাড়া সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সীমিত পরিসরের রাজনৈতিক প্রভাব ও বিশেষজ্ঞ মতামত উপেক্ষার বিষয়টিও সমালোচনায় উঠে এসেছে। বিশ্লেষণে বলা হয়, কৌশলগত পরিকল্পনার ঘাটতি এবং বাস্তব পরিস্থিতি না বুঝেই নেওয়া সিদ্ধান্ত যুদ্ধকে আরও জটিল করে তুলেছে।
শেষ পর্যন্ত এই সংঘাত আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে, যেখানে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা আরও বেশি গুরুত্ব পাচ্ছে।


































