বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা
- সর্বশেষ আপডেট ০৯:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 47
সিলেটের বিশ্বনাথে আবদুল মজিদ বকুল নামে এক ছাত্রদল নেতাকে বাসায় গিয়ে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম আহমদের ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ পোস্ট দেওয়া হয়। এসব পোস্টের কমেন্টে পাল্টা জবাব দেন ছাত্রদল নেতা বকুল। এ নিয়ে বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় বকুলের বাসায় গিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
পরে আহত অবস্থায় বকুলকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র আরও জানায়, বকুলকে মারধরের পর শামীম আহমদ বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়ে তাকে আটক করার চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান।
তবে ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ওসি বলেন, এমন একটি ঘটনার কথা তারা শুনেছেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা ছিল। ওই মামলায় বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে পাঠানো হয়েছে।
এদিকে ছাত্রদল নেতা বকুলের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।
পথসভা থেকে ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।
বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, শামীম আহমদের ফেসবুক পোস্টে মন্তব্য করায় তিনি ছাত্রদলের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বাসায় গিয়ে তাকে মারধর করেছেন। খবর পেয়ে আশপাশের নেতা-কর্মীরা বকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় শামীমকে গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
































